১৮ শতকীয় ইউরোপের জ্ঞানদীপ্তি ইউরোপের ইতিহাসে ১৮ শতক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এই শতাব্দীতে ইউরোপ একটি নতুন যুগে প্রবেশ করে। ইতিমধ্যেই ইউরোপে সামন্ততন্ত্রের ভগ্নস্তুপের ওপর পুঁজিবাদ আত্মপ্রকাশ করে, পবিত্র রোমান সাম্রাজ্যের ধারণা ভেঙে ইউরোপীয় রাষ্ট্রগুলিতে জাতি রাজতন্ত্র গড়ে ওঠে, ধর্মীয় কুসংস্কার ও ভন্ডামির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইউরোপীয়রা যুক্তিবাদ ও মানবতাবাদের পথ ধরে। সপ্তদশ শতকে যাবতীয় ধর্মীয় লড়াইয়ের অবসান ঘটে, ইউরোপে একটা স্বস্তির বাতাবরণ গড়ে ওঠে, যা বৌদ্ধিক বিকাশে সহায়ক হয়েছিল। ১৭ শতকের একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার এবং বিজ্ঞান চেতনার বিস্তার ১৮ শতকে এক নতুন বৌদ্ধিক আন্দোলনের জন্ম দেয়। ১৮ শতকে চৈতন্যের জগতে যে আলোর দীপ্তি লক্ষ্য করা গেছিল তাকেই জ্ঞানদীপ্তি বলা হয়। ১৮ শতকের জ্ঞানদীপ্তির প্রভাব যে যে ক্ষেত্র গুলির ওপর পড়েছিল তার মধ্যে সর্বাগ্রে উল্লেখ করা যায় বিজ্ঞান চর্চার কথা। ১৭ শতকের বিজ্ঞানচর্চা ছিল মানুষের জ্ঞান ও উপলব্ধি জগতে। কিন্তু ১৮ শতকের বিজ্ঞান বিপ্লব ছিল ব্যবহারিক জগতে। এই পর্বে কয়লা নির্ভর ভারী শিল্পের বিস্তার এবং লৌহ ইস্পাত শিল্পে নতুন পদ্ধতির...